মাদ্রাসাছাত্রের ‘অপহরণ নাটক’
ধারের টাকা না দিতে চট্টগ্রামের চান্দগাঁও থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আতাউল হাকিম জিগর (১৬)অপহরণের ‘নাটক’ করেছিল বলে জানিয়েছে পুলিশ।
আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ থেকে রোববার রাতে পুলিশ জিগরকে নগরীতে নিয়ে আসে, পুলিশের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন।
শনিবার বিকালে নগরীর খাজা রোড এলাকায় অটোরিকশা ভাড়া করতে বাসা থেকে বের হওয়ার পর থেকে জিগর নিখোঁজ ছিলেন।
তাকে অপহরণ করা হয়েছে সন্দেহ করে পরিবারের পক্ষ থেকে চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং তার তদন্তে নামে পুলিশ।
জিডির তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারের টাকা পরিশোধের জন্য অপহরণ ‘নাটক’ সাজিয়ে টাকা জোগাড় করতে চেয়েছিল এই কিশোর।
তিনি বলেল, মামা সম্পর্কের এক আত্মীয়কে মাছের ব্যবসা করার জন্য জিগর এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়ে দেয়। ওই অর্থ সুদে আসলে ৬৪ হাজার টাকা হয়েছে।
“গত ৩১ মে তার টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু ওই মামা তাকে টাকা না দেয়ায় সে পরিশোধ করতে পারেনি।”
শনিবার জিগর তার পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ৩ হাজার টাকা ধার নিয়ে কক্সবাজার চলে যায়।
“সেখান থেকে জিগর তার বাবাকে ফোন করে জানায়, সে অপহৃত হয়েছে,” বলেন এসআই আরিফ।
রোববার জিগর কক্সবাজার থেকে আনোয়ারায় তার ওই মামার বাড়িতে এসে তার বাবাকে পুনরায় ফোন করে। তখন তার অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা আরিফ বলেন, “সকাল থেকে জিজ্ঞাসাবাদে জিগর বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য দিলেও বিকালের দিকে সে সব স্বীকার করেছে।”
