ঢাকায় অপহৃত স্কুলছাত্র শ্রীমঙ্গলে উদ্ধার
ঢাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে অপহরণকারীর কাছ থেকে ফাহিম ফয়সল লাবিবকে(১১) উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
এ সময় অপহরণে জড়িত মো. খোকনকেও (২২) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন জানান, সকাল সাড়ে ১১টার দিকে স্টেশনের প্লাটফর্মে ফাহিমকে নিয়ে খোকন ঘোরাফেরা করছিল।
এ সময় লোকজনের সন্দেহ হলে জিআরপি থানায় বিষয়টি জানায় তারা।
খবর পেয়ে প্লাটফর্ম থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান এসআই নাছির।
জিজ্ঞাসাবাদের পর খোকন শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
উপ-পরিদর্শক নাছির উদ্দিন আরো বলেন, লাবিবের নিখোঁজের সংবাদটি রোববার রাতে একটি টিভি চ্যানেলে দেখে সহজেই শিশুটিকে সনাক্ত করতে পারেন তিনি।
লাবিবের বাবা এমএ কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে নাছির বলেন, তিনি আসলেই তার কাছে লাবিবকে হস্তান্তর করা হবে।
লাবিব রাজধানীর মিরপুর ১৪ নম্বরের বিএন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। ওই এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত সে।
খোকনও একই এলাকার নেভী কলোনি এলাকার একটি বস্তির বাসিন্দা এবং মৃত আব্দুর রহিমের ছেলে।
