অন্তঃস্বত্বা গৃহবধুকে পিটিয়ে হত্যা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটি মাষ্টারপাড়া সীমান্তে ৮ মাসের অন্তঃস্বত্বা গৃহবধুকে তার মাদকাসক্ত স্বামী পিটিয়ে হত্যা করেছে অভিযোগ পাওয়া গেছে।
আশরাফুল ইসলাম গুল্টুর(২৬) স্ত্রী নিহত ঋতু মনি বেগম(২২)। মাহি(২) নামের এক সন্তানও রয়েছে।
সোমবার সকালে এলাকাবাসীর মাধ্যমে নিহতের পরিবার ঘটনাটি জানতে পারে। তবে আগের রাতে উপজেলার খেংটি গ্রামের মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনার পর আশরাফুলের পরিবারের সবাই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে।
পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান বলেন, “আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট করেছি।
“গলায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
“বিকেলে নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।”
নিহতের প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা জানায়, রোববার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে নেশার টাকা নিয়ে কথা কাটিকাটির জের ধরে স্ত্রী ঋতুকে বেধড়ক মারপিট করে আশরাফুল।
রাতে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে গলা চিপে ধরে মারপিট করে আশরাফুল।
এ সময় অন্তঃস্বত্বা ঋতু মারা গেলে গোয়াল ঘরের ধরনায় তার লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় তারা।
সোমবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে নিহতের মা-বাবা খবর পেয়ে লাশ গোয়াল ঘরের ধরনায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পাটগ্রাম থানায় খবর দেন।
পরে ওসি মোঃ আমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবার বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়ে। কেউই স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল না।
নাম প্রকাশ না করার শর্তে আশরাফুলের বন্ধুরা জানায়, গুল্ট ও তার পরিবার ভারতে পালিয়ে গেছে।
নিহতের মা বলেন, “জামাই আশরাফুল ইসলাম গুল্টু মাদকাসক্ত। মেয়ের বিয়ের গত ৪ বছর থেকে প্রায় নির্যাতন করত।
“আমার ৮ মাসের অন্তঃস্বত্বা মেয়েকে পিটিয়ে হত্যা করে লাশ গোয়াল ঘরে ঝুলিয়ে রেখে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমি মেয়ে হত্যাকারীদের ফাঁসি চাই।”
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী আশরাফুল ইসলাম গুল্টু(২৬), শাশুড়ি আনোয়ারা বেগম(৪৯), শ্বশুর মোত্তালেব হোসেন(৫২), ননদ রুনি বেগম(২৭), ননদের স্বামী মজিদুল ইসলামও(৩১) পলাতক রয়েছে।
নিহতের বাবা আজিজুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি কিছু চাই না। আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।
“আসামিরা যেখানেই থাকুক পুলিশকে তাদের গ্রেপ্তার করতেই হবে।”
