২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নির্যাতনের অভিযোগে এসআই কারাগারে

রংপুরে এক নারীকে থানায় নিয়ে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় এক উপ পরিদর্শককে (এসআই) কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 08:16 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে কর্মরত এসআই আবু বক্কর সিদ্দিক সোমবার রংপুরের নারী ও শিশু দমন বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক কে জি মোস্তফা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) খন্দকার রফিক হাছনাইন জানান, ২৪ এপ্রিল আদালত এস আই আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের নভেম্বরে রংপুরের কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আম্বিয়া খাতুনের দায়ের করা মামলায় কাউনিয়া থানার তৎকালীন এসআই আবুবক্কর সিদ্দিক পুলিশ নিয়ে একই এলাকার মৃত রমজান আলীর স্ত্রী বাসিরন বেগমকে (৩৫) গ্রেপ্তার করেন। বাসিরন ওই মামলার আসামি ছিলেন না।

তিনি মামলার বাদি আম্বিয়ার সৎ বোন।

আবু বক্কর বাসিরনকে গ্রেপ্তার করে থানায় আনার পথে তার ওপর শারীরিক নির্যাতন চালায় এবং থানায় এনে যৌনহয়রানি করে।

জামিনে বেরিয়ে এসে বাসিরন থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে ২০১২ সালের ২ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন বাসিরন।

আদালত বিষয়টি তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিটি করে দেন। শুনানি শেষে ২৪ এপ্রিল আদালত নারী ও শিশু নির্যাতন হিসাবে মামলাটি আমলে আবু বক্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জানি করে।