২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ব্রিটিশ হাই কমিশনার

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন করেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 06:30 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সোমবার দুপুর দেড়টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে কিছু সময় কাটান। সেখানে পরিদর্শন বইতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মন্তব্য লেখেন।

এরপর বৃষ্টি মাথায় নিয়ে হাই কমিশনার বঙ্গবন্ধুর সমাধিসৌধে যান। সেখানে বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান, মা শেখ সায়েরা খাতুন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর পরিদর্শন করেন। তিনি বঙ্গবন্ধুর কবরের পাশে কিছু সময় দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

বৃষ্টির মধ্যেই সেখান থেকে বেরিয়ে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন বঙ্গবন্ধু সমাধিসৌধের বকুলতলা চত্বর, পাবলিক প্লাজা, লাইব্রেরি, সংগ্রহশালা ঘুরে দেখেন।

এ সময় ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল অ্যাডভাইজার ইজাজুর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, ওসি মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সোলায়মান বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুর ২টার দিকে ব্রিটিশ হাই কমিশনার টুঙ্গিপাড়া ত্যাগ করেন বলে গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান।