২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

জামালপুরে বাণিজ্য মেলায় হাতাহাতির ঘটনার জেরে জামালপুর শহরের পাথালিয়া এলাকার লোকজনের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 05:35 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সোমবার দুপুরে এ ঘটনায় পুলিশের রাবার বুলেট ও এলাকাবাসীর ইটপাটকেলের আঘাতে অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে পাথালিয়া এলাকার গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম, ফারহান আহমেদ, হুমায়ুন, শহীদুল ও সুলতানকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে জানানো হয়েছে।

জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, শনিবার রাতে জামালপুর আউটার স্টেডিয়ামে বাণিজ্য মেলায় পাথালিয়া এলাকার লোকজনের সাথে মুসলিমাবাদ ও কুলুর চরের লোকজনের মাঝে হাতাহাতি হয়।

এই ঘটনার জেরে পাথালিয়া এলাকার লোকজন সোমবার দেশীয় অস্ত্র নিয়ে শহরের মুসলিমাবাদ এলাকার লোকজনের উপর আক্রমণের প্রস্তুতি নিয়ে সামনে এগুতে থাকলে এলজিইডি ভবনের সামনে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ১৬৭ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় পাথালিয়া এলাকার বিক্ষুব্ধ লোকজন বিজয় টিভি ও এসএটিভির সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়।

গুলিতে পাথালিয়া এলাকার ৫ জন ও ইটপাটকেলের আঘাতে ৩ কনস্টেবলসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

এই ঘটনার পর থেকে জেলা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে শহর জুড়েই পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।