২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ

সাভারের আশুলিয়ায় দুই ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 03:59 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সোমবার দুপুরে আশুলিয়া থানার কাছেই বুড়ি বাজার এলাকায় এ ঘটনা গুলিবিদ্ধ মোহাম্মদ ইউনুছ ওরফে ইনুকে (৩৪) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাজা মিয়াকে (৫৫) সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আনুমানিক ১২টার দিকে বুড়িবাজার এলাকার বাসিন্দা সীমান্ত রক্ষী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও জমি ব্যবসায়ী রাজা মিয়া সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে তার আরেকটি বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পাশের মুদি দোকানি ইউনুছ এগিয়ে আসলে তাকেও গুলি করে।

গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে টাকা না নিয়েই ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় তারা।

ইউনুছের মাথায় ও রাজার পায়ে গুলি লেগেছে বলে জানান তিনি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনুছের অবস্থা আশঙ্কাজনক।