ফেনীর ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ফেনী মডেল থানার ছয় উপ-পরিদর্শককে জেলার বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) শামসুল আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
এই কর্মকর্তারা হলেন-মো. মেসবাহউদ্দিন, মো. গোলাম হাক্কানি, মো. আলমগীর হোসেন, জোবায়দুল নাহার, রফিকুল ইসলাম ও মো. এরশাদ।
এছাড়া ফেনী মডেল থানার ২০ কনস্টেবলকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের পর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা মহল থেকে প্রশ্ন ওঠার পর তাদের বদলি করা হল।
তবে এএসপি শামসুল আলম সরকার বলেছেন, পুলিশের নিয়মিত বদলির অংশ হিসেবেই তাদের বদলি করা হয়েছে।
উপ-পরিদর্শকদের মধ্যে মো. মেসবাহউদ্দিনকে জেলার সোনাগাজী মডেল থানার আদর্শ গ্রাম তদন্ত কেন্দ্রে, গোলাম হাক্কানিকে ছাগলনাইয়া থানার ঘোপান তদন্ত কেন্দ্রে, আলমগীর হোসেনকে পরশুরাম মডেল থানায়, জোবায়দুল নাহারকে সোনাগাজী মডেল থানায় এবং রফিকুল ইসলাম ও মো. এরশাদকে ফুলগাজী মডেল থানায় বদলি করা হয়েছে।
শূন্য পদগুলোতে জেলার বিভিন্ন থানা থেকে উপ-পরিদর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান এএসপি শামসুল আলম সরকার।
