ঝালকাঠীতে বিয়ে বাড়িতে ডাকাতের হামলায় গুলিবিদ্ধ ৮
ঝালকাঠী সদর উপজেলায় এক বিয়ে বাড়িতে ডাকাতের গুলিতে বরসহ আটজন আহত হয়েছেন।
ঝালকাঠী জেলার পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, শনিবার রাত ৩টার দিকে উপজেলা মানপাশা কুশঙ্গল গ্রামের হাওলাদার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
গুলিবিদ্ধরা হলেন, কুশঙ্গল গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৬), আক্কাস মোল্লা (৪৫), মিজানুর রহমান (৩৫), জাকির হোসেন (৩০), জলিল মোল্লা (৩৮), কায়সার মিয়া (২৮), মো. হাসান (১৪) ও মো. হানিফ (৪৬)।
আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান জানান, রোববার ভোর পৌনে ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ সবুজের ভাই হাবিব হাওলাদার বলেন, তিনদিন আগে সবুজের বিয়ে হয়। রোববার ছিল বৌভাত। শনিবার রাত থেকে বৌভাতের প্রস্তুতি চলছিল। রাত ৩টার দিকে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাত আকস্মিক গুলিবর্ষণ শুরু করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।
