২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

বরিশালে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে তার গৃহশিক্ষক।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 06:58 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেকে বলেন, “শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এর প্রমাণ পাওয়ায় তাকে ওসিসিতে নেয়া হয়েছে।”

শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম তেরচর ভাঙ্গারমন গ্রামে এ ঘটনার শিকার শিশুটির খালা জানান, বাবা ঢাকায় এবং মা বিদেশে চাকরি করায় নানীর কাছে থাকত মেয়েটি।

স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে সে। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া বোনের মেয়ের জন্য তিন মাস আগে স্থানীয় তোফেল ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারীকে গৃহশিক্ষক হিসেবে রাখা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বোনের মেয়েকে পড়াতে আসে জুয়েল। এ সময় ঘরে কেউ ছিল না। এ সুযোগে গৃহশিক্ষক জুয়েল মেয়েটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকা শিশুটিকে উদ্ধার করে ভর্তি করা হয় মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।

তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে শনিবার তাকে শিশু সার্জারি ওয়ার্ডে এবং শেষে ওসিসিতে নেয়া হয়।

ওসিসিতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন ওসিসির দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম।

এ ব্যাপারে মুলাদী থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনা তদন্তে ফোর্স পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।