২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলের ৭০ টিকিটসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে ট্রেনের ৭০টি টিকিটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 06:01 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শনিবার দুপুরে কোতোয়ালি থানার স্টেশন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আনোয়ার হোসেন জানান।

গ্রেপ্তার মো. শাওন (২৭) ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা।

তিনি চট্টগ্রামে টিকিট ‘কালোবাজারি’র সঙ্গে সম্পৃক্ত জানিয়ে পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়।”

এসময় তার পকেট থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও তূর্ণা নিশিথা ট্রেনের বিভিন্ন তারিখের ৭০টি টিকেট পাওয়া যায়।

আনোয়ার বলেন, “জিজ্ঞাসাবাদে শাওন বলেছে, ঢাকা থেকে চট্টগ্রাম এসে সে টিকিট কালোবাজারি করে এবং প্রতিটি টিকিট নির্ধারিত দামের দ্বিগুণ ও তিনগুণ বেশি দিয়ে বিক্রি করে।”

একসঙ্গে ৭০টি টিকিট তার হাতে এলো কিভাবে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।