ক্লান্ত, তাই কর্মসূচিতে অনুপস্থিত খালেদা
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মাঝে খাবার বিতরণে যেতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার অনুপস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা শনিবার সকাল থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন বলে খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল রাত থেকেই ম্যাডাম পায়ে ব্যথা অনুভব করছেন। শারীরিকভাবেও তিনি ক্লান্ত। সেজন্য আজকের নির্ধারিত কর্মসূচিতে তিনি অংশ নিতে পারছেন না।”
গত শুক্রবার মুন্সীগঞ্জের জনসভায় অংশ নেয়ার পর থেকে বিএনপি চেয়ারপারসন পায়ে ব্যাথা অনুভব করছেন বলে জানান তিনি।
“এরকম অসুস্থতার মধ্যেও ম্যাড্যাম শুক্রবারের কর্মসূচিতে অংশ নিয়েছেন।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার সকালে শেরেবাংলা নগরে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।
ফাইল ছবি
১৯৮০ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে কয়েক সেনা সদস্যের হাতে নিহত হন সামরিক শাসক জিয়াউর রহমান।
অসুস্থতার জন্য দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি ভালোভাবে সম্পন্ন করতে চেয়ারপারসন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ সাত জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দিয়েছেন বলে খালেদার প্রেস সচিব জানান।
“তারা বেগম খালেদা জিয়ার পক্ষে কর্মসূচিতে অংশ নিচ্ছেন,” বলেন তিনি।
