২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের কচুয়া উপজেলা সদরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে  জেলা বিএনপির এক নেতা গুরুতর জখম হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 01:36 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

আহত শেখ নজরুল ইসলাম (৫০) জেলা বিএনপির সহ-সভাপতি। একসময় তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।  তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে কচুয়ার আড়ুয়ামর্দন এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে কচুয়া-সাইনবোর্ড সড়কে তার ওপর হামলা হয় বলে কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানিয়েছেন।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফকরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনের মতোই ভোরের দিকে বিএনপি নেতা নজরুল হাঁটতে বের হন। এসময় আড়ুয়ামর্দন এলাকায় চার/পাঁচ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে হাসপাতালে নেয়।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, আড়ুয়ামর্দন এলাকার শহীদ শেখ নামে এক ব্যক্তির সঙ্গে বিএনপির এ নেতার ১৬ শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে তার ওপর এ হামলা হয়েছে বলে প্রাথমিভাবে ধারণা করছেন তারা।

সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নজরুলকে হাসপাতালে নিয়ে আসে জানিয়ে স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার তাপস কুমার বলেন, “তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। এর মধ্যে ঘাড়ের জখমটি গুরুতর।”

দলীয় নেতা নজরুলের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।