বরিশালে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় ঈগল পরিবহনের একটি বাস খাদে পড়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরো অন্তত ১০ জন, যাদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের এক উপসচিব রয়েছেন।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ইছলাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান।
নিহত মোখলেসুর রহমান গৌরনদীর বাটাজোর পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।
উপসচিব রণজিৎ কুমার দাশসহ আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ওসি আনোয়ার বলেন, সকালে ঈগল পরিবহনের ওই বাসটি বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করে। ইছলাদি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে যাত্রী মোখলেসুর ঘটনাস্থলেই মারা যান।
