২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জে স্ত্রী-মেয়েকে কুপিয়ে হত্যায় একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 10:16 AM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শনিবার ভোররাতে হীরাঝিল মুক্কীনগর মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন  জানান।

নিহতরা হলেন- ময়না বেগম (২৬) ও তার মেয়ে স্বপ্না (১৩)।

এ ঘটনায় গ্রেপ্তার ময়নার স্বামী সুমন মিয়ার (৩২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। তিনি নারায়ণগঞ্জে কাপড়ের ব্যবসা করেন।

পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত ময়নার বড় বোন বেবী বেগম জানান,  ময়না ও তার স্বামী পরিবার নিয়ে তাদের বাড়িতে ভাড়া থাকতেন।

“রাত ৩টার দিকে হঠাৎ তাদের ঘর থেকে চিৎকার শুনে বাড়ির অন্য বাসিন্দারা এগিয়ে আসেন। জানালা দিয়ে দেখা যায়, সুমন বটি দিয়ে ময়নাকে এলোপাথাড়ি কোপাচ্ছে। এক পর্যায়ে স্বপ্না তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কোপায় সুমন।”

ভেতরের থেকে ঘরের দরজা বন্ধ থাকায় তারা ঢুকতে না পেরে বাইরে থেকে কপাট বন্ধ করে পুলিশে খবর দেন বলে জানান বেবী।

ওসি আলাউদ্দিন বলেন, ভোরে পুলিশ ঘটনাস্থলে গেলে সুমন তার অপর শিশু সন্তান ইমনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার হুমকি দেয়।

“পরে  কৌশলে তাকে জানালার কাছে এনে গ্রিলের সঙ্গে হাতকড়া লাগিয়ে অপর জানালা ভেঙে ভেতর থেকে ইমনকে উদ্ধার করা হয়।”

মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুমন মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন ময়নার বড় বোন বেবী।