ঠিকাদার সুলতান খুন: পরিবারের সন্দেহে কেউ নেই
ঠিকাদার সুলতান আহমেদকে কারা, কী কারণে হত্যা করেছে, সে বিষয়ে কোনো ধারণা পুলিশকে দিতে পারেনি তার পরিবারের সদস্যরা।
হত্যাকাণ্ডের একদিন পর শুক্রবার সন্ধ্যায় সুলতানের চাচাত ভাই ফরিদ হোসেন একটি মামলা করেছেন। ওই মামলায় আসামির তালিকায় কারো নাম দেয়া হয়নি বলে জানিয়েছেন মতিঝিল থানার এএসআই রফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করেছেন মামলার বাদী।
মতিঝিল থানার ওসি বি এম ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের পরিবারের সন্দেহ না থাকায় পুলিশও প্রাথমিকভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। ফলে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তা এখনি বলা যাচ্ছে না।”
রাজধানীর আরামবাগের মকবুল প্লাজার সামনে বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের গুলিতে হয়ে মারা যান পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সুলতান। মকবুল প্লাজায় মকবুল এন্টারপ্রাইজসহ তার কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকাল ১১টার দিকে সুলতান ভবনের সামনে গাড়ি থেকে নামার পর কয়েকজন যুবক সুলতানকে গুলি করে পালিয়ে যায়।
সুলতান বাসাবোতে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে থাকতেন। সুলতানের শোকার্ত স্ত্রী হাসিনা আফরোজ কোনো সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না বলে বাসা থেকে জানানো হয়েছে।
সুলতানের গাড়িচালক আমিন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম নিজের পরিবারের কেউ ছাড়া কারো সঙ্গে কথা বলছেন না। সাংবাদিকদের সঙ্গে উনি কথা বলবেন না। উনি মনে হয় খুব ভয়ে আছেন।”
সুলতান আহমেদ
“তিন মাস ধরে স্যারের গাড়ি চালাই। উনি খুব ভালো মানুষ ছিলেন। কেন স্যাররে গুলি কইরা মারা হইল, আমার কোনো ধারণা নাই।”
সুলতান গুলিবিদ্ধ হবার সময় তার মাইক্রোবাসের সামনের আসনে ছিলেন কামরুল হাসান শাম্মী নামে একজন। তিনি বলছেন, ঠিকাদারি কাজ শিখতে সুলতানের সঙ্গে থাকছিলেন তিনি।
কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তার এলাকার কাছের ছোট ভাই। ৭/৮ মাস আগে তার কাছে ছোটখাটো ঠিকাদারি কাজ চেয়েছিলাম। উনি বলেছিলেন- ‘আগে আমার সঙ্গে থেকে কাজ শেখ, পরে কাজের ব্যবস্থা করে দেব’।”
যতদিন সুলতানের সঙ্গে ছিলেন, ততদিন তার সঙ্গে কারো শত্রুতা চোখে পড়েনি বলে জানান তিনি।
“আমি যতদিন তার সঙ্গে ছিলাম কারো সঙ্গে তার শত্রুতা আছে বলে শুনিনি। আগে কারো সঙ্গে শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে কার সঙ্গে শত্রুতা ছিল পরিবার বলতে পারবে।”
সুলতানের ব্যবসায়িক প্রতিষ্ঠান এসএনএসআইয়ের ব্যবস্থাপক মো. শামিমের সঙ্গে কথা বলা হলে তিনিও কোনো সন্দেহের ধারণা দিতে পারেননি।
ঠিকাদার সুলতানের তিন সন্তান। বড় ছেলে স্কলাসটিকা স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে, ছোট দুই জমজ মেয়ে পড়ে মুগদা আইডিয়াল স্কুলে।
সুলতানের বাড়ি ঢাকার ধামরাইয়ে, বৃহস্পতিবার রাতে সেখানেই পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
