২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যায় গ্রেপ্তার বেলাল রিমান্ডে

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা বেলাল হোসেন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার রাতে গ্রেপ্তার বেলালকে শুক্রবার ফেনীর হাকিম আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতের আবেদন জানানো হয়।

বিচারক খায়রুল আমিন পাঁচ দিন হেফাজতের আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার পরিদর্শক আবুল কালাম আজাদ।

বেলালকে গ্রেপ্তার করা হয় পাশের জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে। বেলাল ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

এদিকে একরামের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফুলগাজীতে কর্মসূচি অব্যাহত রয়েছে। শুক্রবার ওই উপজেলার ছয়টি ইউনিয়নে মসজিদে জুমার নামাজের পর একরামের জন্য মোনাজাত হয়।

একরাম হত্যাকাণ্ডে ফেনীর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহিল মাহমুদ শিবলু, আওয়ামী লীগ নেতা জিহাদ চৌধুরী, বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ছাড়াও হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একরাম সমর্থকরা ফেনী সদরে আওয়ামী লীগ সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারীকে গ্রেপ্তারের দাবিও তুলেছে, যদিও তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

হত্যার পরিকল্পনাকারী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল এবং যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টারের বিরুদ্ধে অভিযোগ এসেছে।

ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ শুক্রবার সাংবাদিকদের বলেন, আদেল ও জিয়াউলকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের বাড়িতে পুলিশ বেশ কয়েকবার অভিযানও চালিয়েছে, তবে তাদের পাওয়া যায়নি।

গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে গুলি চালানোর পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা একরামকে।

হত্যাকাণ্ডের পর রাতে তার বড় ভাই রেজাউল হক জসিম একটি মামলা করেন। এতে উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহতাব মিনারকে প্রধান আসামি করা হয়।

পুরনো খবর:

ফেনীতে একরাম হত্যার ‘পরিকল্পনায়’ আওয়ামী লীগ নেতা