কুমিল্লায় হাবিব হত্যা: আসামি ছাত্রলীগের ৪০ জন
কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজা আহসান হাবিবের হত্যার ঘটনায় ছাত্রলীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, নিহতের বড় ভাই হাবিবুস সায়েরীন শায়ের বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন, যাতে ১৫ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত পরিচয় দেখানো হয়।
প্রধান আসামি হলেন ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেলকে (৩৫)।
অন্যরা হলেন শাহীন (২৪), রিপন (২৫), শাকিল ওরফে ছোট শাকিল (২৩), জাকির (২৯), খোকন (২৬), শাকিল (২৫), শাহপরান (২৫), সাইফুল (২০), জনি ওরফে চিকা (২০), আলাউদ্দিন (২০), ফাহমিদ (২০), ফয়সল (২০), শিপু (২৩) ও আশিক (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে মুন্সেফবাড়ি এলাকার একটি বাড়িতে ঢুকে ছাত্রলীগের রাসেল গ্রুপের কর্মীরা রিন্টু গ্রুপের এক কর্মীকে গুলি করার সময় বাধা দেন প্রতিবেশী আহসান হাবিব। এ সময় তাকে গুলি করে তারা।
কোতোয়ালি মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাত ১০টায় মুন্সেফবাড়ি মসজিদ মাঠে হাবিবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাকে রাতেই কুমিল্লা টমছম ব্রিজ কবরস্থানে দাফন করা হয়।
এতে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সিকদার এবং সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রউফসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
