‘চট্টগ্রামের বেলায়ই শুধু টাকার অভাব’
দেশে ২ লাখ কোটি টাকার বাজেট হলেও চট্টগ্রামের উন্নয়নের সময় টাকার ‘অভাব’ দেখা দেয় বলে অনুযোগ করেছেন চট্টগ্রামের সাংসদ মঈনুদ্দীন খান বাদল।
চট্টগ্রামের উন্নয়নে সব সরকারেরই ‘অনীহা’ রয়েছে বলেও মনে করেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে জাসদ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।
শুক্রবার সকালে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “সেতুর জন্য আপনারা যে শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন গড়ে তুলেছেন তার প্রতি আমি শ্রদ্ধাশীল। আপনাদের যে দাবি, সেটা আমারও প্রাণের দাবি।”
কালুরঘাট সেতুর নির্মাণে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, “তারা সব সময় বলেন টাকার সংস্থান হলেই সেতু নির্মাণ করা হবে।
“দুই লাখ কোটি টাকার বাজেট হয় কিন্তু চট্টগ্রামের বেলায় টাকার অভাব।”
আসন্ন বাজেটে যাতে সেতুর জন্য বরাদ্দ রাখা হয় সে জন্য সংসদে জোরালো দাবি তুলবেন বলে জানান বাদল।
মতবিনিময়ের শুরুতে নতুন সেতুর যৌক্তিকতা ও আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সেতু বাস্তবায়ন পরিষদের আহবায়ক মো. আব্দুল মোমিন।
সভায় বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহবায়ক মুস্তফা নঈম, সদস্য সচিব রমেন দাশ গুপ্ত, জ্যেষ্ঠ সদস্য মো. আব্দুল মান্নান।
