যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যার বিরুদ্ধে একটি হত্যা ও কয়েকটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার এ ঘটনায় নিহত আবু তাহের (৩৫) যশোর শহরতলীর ঝুমঝুমপুর নিরিবিলি পাড়ার সোনাউল্লাহর ছেলে।
কোতোয়ালি থানার পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ভোর রাতে শহরতলীর হামিদপুর ময়লাখানায় পুলিশ অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে।
এ সময় পুলিশও গুলি করলে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং তাহেরকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। যশোর জেনারেল হাসপাতালে ভর্তির দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে নিহত আবু তাহেরের বোনের মেয়ে পপি দাবি করেন, তার মামাকে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঝুমঝুমপুরের একটি চায়ের দোকান থেকে আটক করে।
তার বিরুদ্ধে একটি গাঁজা বিক্রির মামলা আছে বলে তিনি জানান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মীর্জ আক্তারুজ্জামান জানান, ভোর ৪টা ৩০ মিনিটে আবু তাহেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার রক্তের প্রয়োজন ছিল। কিন্তু তার সঙ্গে আসা পুলিশ সদস্যরা সে ব্যবস্থা করতে পারেননি। তার পরিবারের কাউকেও তখন পাওয়া যায়নি।
