২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বক্তব্যে অসন্তোষ পাঠকদের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ব্যর্থ’ রাজনীতিক বলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পাঠকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 02:09 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

পুরনো খবর:

‘শেখ মুজিব ব্যর্থ, জিয়া সফল রাজনীতিক’

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পৃষ্ঠায় শেয়ার করার পর পাঁচ শতাধিক পাঠক তাতে মন্তব্য করেন। তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন তারেকের বক্তব্য সমর্থন করলেও এর প্রতিবাদ জানান অধিকাংশ।  

গত প্রায় সাড়ে পাঁচ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান বুধবার লন্ডনে এক আলোচনা সভায় বক্তব্য দেন।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ব্যর্থ’ রাজনীতিক হিসেবে অভিহিত করে নিজের বাবা সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে সফল বলে দাবি করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় শান্ত সমাদ্দার নামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক ফেইসবুক অনুসারী মন্তব্যে লিখেছেন, “ইতিহাস বিকৃত করে কোন লাভ নাই তারেক, যেটা সত্য সেটা সবাই জানে।”

এমআর এইচ লিমন মন্তব্যে বলেছেন, “নিজের তো সন্মান নেই, তাই অপরকে সন্মান দেখাতে জানে না।”

তাপস সরকার লিখেছেন, “খালেদা-তারেক রাজাকারের যে দালালি করে সেটা জিয়ার দালালির ধারাবাহিকতা ছাড়া ভিন্ন কিছু না।”

“চোরের মার বড় গলা,“  মন্তব্যে বলেছেন  মামুন খান।

তারেককে ইঙ্গিত করে আল মামুন খান লিখেছেন,  “একে নিয়ে আলোচনা করাটাই তাকে উপরে তুলে দেয়া।”

রাশেদুজ্জামান রাশু লিখেছেন, “তার কথায় এই প্রবাদ বাক্যের কথা বারবার মনে হচ্ছে, ‘পাগলে কি না বলে ছাগলে কি না খায়।"

তারেক রহমানকে উদ্দেশ্য করে মান্নান মেহেদি লিখেছেন, “সাহস থাকলে দেশে আয়।”

‘বিডিওয়াইএলএফ ঢাকা’ নিক থেকে একজন লিখেছেন, “ইতিহাসের বিচারে এসব নোংরা রাজনীতি  টিকবে না।”

মো. মোশারফ হোসেনের মতে, “শেখ মুজিব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা, অস্তিত্ব, মুক্তিযুদ্ধ সব কিছুই ব্যর্থ। মুজিবের সাথে জিয়ার অপ্রাসঙ্গিক তুলনা করা একমাত্র তারেকের মত সস্তা ব্যক্তির দ্বারাই সম্ভব।”

তারেক রহমান অয়ন নামের একজন বলেন, “গুণীজনকে সম্মান করতে শিখুন নাহলে মানুষ আপনাকে আরো অযোগ্য মনে করবে।”

“ পাগলের কথায় কান দিতে নেই,” বলেছেন ‘বাউন্ডুলে এক্সপ্রেস’ নিক থেকে এক পাঠক।

সোহেল আহমেদ নামের এক পাঠক লিখেছেন, “ইউ উইল বি লিডার অফ বাংলাদেশ, বি এ ওপেন মাইন্ডেড প্লিজ, হোপ ইউ উইল গেট সাকসেস।”

‘তুমি শুধু আমার’ নিক থেকে এক পাঠক তারেক রহমানের বক্তব্য সমর্থন করে লিখেছেন, “সত্যি কথা বলার জন্য তারেক রহমানকে হাজারো স্যালুট।”

“তারেক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে,” বলেছেন আরএকে মো. সেলিম।

জুনায়েদ আহমেদ লিখেছেন, “তারেক ভাই ঠিক বলেছে।”

তারেক রহমানের এই বক্তব্য দেয়ার প্রেক্ষাপট বিশ্লেষণে গিয়ে মো. তাসলিমুর রহমান মন্তব্যের লেখেন, “ তারেক রহমান বিগত কিছু দিন যাবত  যে কমেন্ট গুলো করছেন , তার জন্য তারেক রহমানকে যারা দায়ী করবেন তাদেরকে আমি বিবেকবান মানুষ বলবো না।

“কারণ স্বাভাবিকভাবেই  আমার বাবাকে বা মাকে নিয়ে যদি কেউ বাজে কমেন্ট করে ,তাহলে আমি তার প্রতিবাদ জানাব তাতে ও যদি কোনও কাজ না হয়, তারপর তারেক রহমান যা করছেন তা করবো, সেই ক্ষেত্রে জিয়া কে নিয়ে শেখ হাসিনাসহ তার মন্ত্রি- এমপিরা যেই বাজে কমেন্ট করছিলো, কাজেই এই জায়গায় আ. লীগের এইটা প্রাপ্য ছিল।”

পারস্পারিক বিদ্বেষ না ছড়িয়ে দেশের উন্নয়নে একযোগে কাজ করতে বড় দুই দলের নেতাদের প্রতি আহ্বান জানান ইমাম হোসেন নামের এক পাঠক।

“পরস্পরকে ঘায়েল না করে কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেটাই ভাবা উচিত। কারণ তারেক বলেন, আর জয় বলেন দেশের মানুষের ট্যাক্সের টাকায় চলে আপনাদের রাজকীয় পরিবার গুলো।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের ফেইসবুক পেইজ (https://www.facebook.com/bdnews24) বাংলাদেশের গণমাধ্যমের ফ্যান পেইজগুলোর মধ্যে লাইক-দাতার সংখ্যা অনুযায়ী নিয়মিত শীর্ষে অবস্থান করে। এই পেইজের মন্তব্য উন্মুক্ত এবং দায় মন্তব্যদাতার।