ভাষানটেক বস্তিতে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ
রাজধানীর ভাষানটেক বস্তিতে দুই পক্ষের সংঘের্ষ এক নারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাতের এই ঘটনায় আহত রাশিদা বেগম (৪০) এবং আকাশকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ভাষানটেক থানার ওসি হোসনে আরা।
আহতদের হাতে ও পায়ে গুলি লেগেছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বস্তিতে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্য রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হলে গুলিবিদ্ধ হন দুইজন।
পুলিশ ইতিমধ্যেই উভয় পক্ষের লোকজনকে চিহ্নত করে গ্রেপ্তারের অভিযান শুরু করেছে বলে জানান ওসি।
