বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যিক চিন্তা ত্যাগের আহ্বান শিক্ষামন্ত্রীর
বাণিজ্যিক চিন্তা চেতনা ত্যাগ করে উচ্চশিক্ষার পরিবেশ তৈরি ও জাতীয় উন্নয়নে অবদান রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, এ সরকার বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলাদা চোখে দেখতে চায় না। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরো দায়িত্বশীল হতে হবে।
শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। কিন্তু প্রচলিত গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় তা সম্ভব নয়। তাই গতানুগতিক প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে নতুন প্রজন্মকে বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করতে কাজ করে যাচ্ছে সরকার।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি মিসেস তাহরুন্নেসা আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মন্ত্রী মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করেন।
