২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যালোযান মালিক-শ্রমিকদের সাতদিনের আল্টিমেটাম

সড়কে শ্যালোযান চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ চার দফা দাবিতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছে রাজশাহীর অবৈধ শ্যালোযান মালিক ও চালকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর উপকণ্ঠে মোল্লাপাড়ায় বিক্ষোভ সমাবেশ করে দাবি না মানলে বৃহত্তর আন্দোলন করবে বলেও হুঁশিয়ার করে আল্টিমেটম দেন তারা।

জেলার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর বাইপাসের মোল্লাপাড়ায় এসে কয়েক হাজার শালোযান মালিক-শ্রমিক সমাবেশ করে।

সমাবেশ শেষে ৭/৮ জন নেতা পুলিশের গাড়িতে করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে চার দফা দাবিতে যোগাযোগমন্ত্রী বরাবর স্বারকলিপি দেন। অতিরিক্ত জেলা প্রশাসক ড. আ ন ম বজলুর রশীদ স্বারকলিপি গ্রহণ করেন।

তাদের দাবির মধ্যে রয়েছে শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন সড়কে চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সড়কে হয়রানি নির্যাতন বন্ধ, শ্যালোযানের আইনি বৈধতা দান, চালকদের লাইসেন্স প্রদান, ট্রেড ইউনিয়ন করার অধিকার দান, দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব যানবহনের উন্নতিতে জাতীয় নীতিমালা প্রণয়ন করা।

বাস-ট্রাক মালিক-শ্রমিকদের দাবির মুখে গত ২০ মে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলার সব রুটে এসব অবৈধ শ্যালোযান  চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এছাড়াও গত ২৬ মে থেকে অভিযান চালিয়ে জেলার শতাধিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ সিল করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এসব ওয়ার্কসপে ওই সব যানবাহন তৈরি ও মেরামত করা হতো।

রাজশাহী জেলা শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন নসিমন করিমন ঐক্য পরিষদের সভাপতি আকবর আলী বলেন, “রাজশাহী জেলায় এসব যানবাহনের সঙ্গে লক্ষাধিক শ্রমিক জড়িত। আর উত্তরাঞ্চলে যার সংখ্যা প্রায় ১৫ লাখ। এখান থেকে তাদের জীবিকা নির্বাহ হয়ে থাকে।

“কিন্তু গত এক সপ্তাহ ধরে তাদের জীবন জীবিকার পথ বন্ধ করে দিয়েছে প্রশাসন। অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

এসব যানবাহনের কারণে বিশাল জনগোষ্ঠীর কর্ম সংস্থান হয়েছে। তাদের বেকার করে না দিয়ে দেশী প্রযুক্তির তৈরি এসব যানবাহানের প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “সড়কে তাদের যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ চার দফা দাবিতে জেলা প্রশাসককে মাধ্যমে যোগাযোগ মন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়ে সাতদিনের আল্টিমেটাম দেয়া হয়েছে।”

এসব দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি দেবেন বলে জানান তিনি।

কোট শহীদ মিনার চত্বরে সমাবেশ হতে দেয়নি

শ্যালোযানের পক্ষে আন্দোলনের নেতা আকবর আলী অভিযোগ করেন, নগরীর কোট শহীদ মিনার চত্বরে তাদের সমাবেশ ডাকা হয়েছিল। কিন্তু পুলিশ সেখানে সমাবেশ করতে দেয়নি।

সকালে তারা সেখানে গেলে পুলিশ তাদের তাড়িয়ে দেয়। পরে মোল্লাপাড়া তারা সমাবেত হয়েছেন বিক্ষোভ সমাবেশ হয়েছে।

পথে পথে বাধা দেয়ার কথা উল্লেখ করে তিনি জানান, মোহনপুর, বাগমারা ও দুর্গাপুর উপজেলা থেকে দুই শতাধিক গাড়ি নিয়ে কয়েক হাজার চালক আসার সময় পবা উপজেলার নওহাটায় পুলিশ বাধা দেয়।

এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে একঘণ্টা পর ১২টা দিকে পুলিশ বাধা তুলে নেয়। এছাড়াও গোদাগাড়ী, পুঠিয়া এলাকাতেও পুলিশ বাধা দেয় বলে জানান আকবর আলী।

এই অভিযোগ প্রসঙ্গে পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহাবুর রহমান জানান, নিরাপত্তার কারণে কোট শহীদ মিনার চত্বরে তাদের সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি।

“তবে মোল্লাপাড়ায় সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়া হয়েছে।”

সেখান থেকে কয়েকজন গিয়ে স্বারকলিপি দেয়ার জন্য তাদের বলা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।