নূর হোসেনের সম্পদের খোঁজে দুদক
নারায়ণগঞ্জের সাতখুনের প্রধান আসামি নূর হোসেনের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের একজন কর্মকর্তা এ বিষয়ে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন।
“আগামী দুয়েকদিনের মধ্যেই কমিশন সেটিকে অনুমোদন দিবে। এরপরই নূর হোসেনের অবৈধ সম্পদ নিয়ে তদন্ত শুরু হবে।”
নূর হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকা, জমি দখলসহ চাঁদাবাজি ও অবৈধভাবে বালুর ব্যবসা করার অভিযোগ রয়েছে।
গত ৩০ এপ্রিল অপহৃত সাতজনের লাশ পর থেকেই ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুলেরপরিবারের অভিযোগ, নূর হোসেন অর্থ দিয়ে র্যাবের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
অপহরণের পর মামলায় নূর হোসেন ও ইয়াসিনের নাম দিয়েছিল নজরুল পরিবার, এখন মামলাটি হত্যামামলায় রূপান্তরিত হয়েছে।
অপহরণের পর ক্ষুব্ধ নজরুল সমর্থকরা ইয়াসিনের বাড়ি ও নূর হোসেনের কার্যালয় পুড়িয়ে দেয়। লাশ উদ্ধারের পর নূর হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ, উচ্ছেদ করা হয় নদী তীরে তার অবৈধ দখল, তার দোকান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক।
নূর হোসেন ও তার সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্সও বাতিল করা হয়।
