জাপান সফর নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
জাপান সফর নিয়ে শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চার দিনের সফর শেষে শনিবার জাপান থেকে প্রধানমন্ত্রীর ফেরার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিস্তারিত জানানো হবে।
জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে শাহরিয়ার আলমও ছিলেন।
প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ৬০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার।
এছাড়া গঙ্গা ব্যারেজ, যমুনা নদীর নিচে বহুমুখী টানেল, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেল সেতু নির্মাণ, ঢাকা ইস্টার্ন বাইপাস এবং ঢাকার চারটি নদী পুনরুদ্ধারসহ কয়েকটি বড় প্রকল্পে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে।
বাংলাদেশের পাঁচটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ৪০টি প্লট এবং দুটি শিল্প ইমারত সংরক্ষিত রাখার বিষয়েও দুই দেশের সমঝোতা হয়।
এর আওতায় জাপান সরকার বাংলাদেশকে সহজ শর্তে ১২০ বিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার) ঋণ দেবে, যা দিয়ে এক হাজার দুইশ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে।
