রাজধানীতে ঠিকাদারকে গুলি করে হত্যা
রাজধানীর আরামবাগে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মো. সুলতান আহমেদ(৪২) পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের ঠিকাদারি করতেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় সুলতানকে হাসপাতালে আন হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গাড়িচালক আমিন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে মতিঝিলের আরামবাগে মকবুল প্লাজায় নিজ কার্যালয়ের কাছে সুলতানকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আরামবাগে মকবুল প্লাজায় সুলতান এন্টারপ্রাইজ নামে তার ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয় ছিল।
এক মেয়ে ও এক ছেলে নিয়ে সুলতান বাসাবো এলাকায় থাকতেন জানিয়ে তার গাড়িচালক বলেন, “এর চেয়ে বেশি কিছু আমি জানি না।”
