২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষিকাকে মারধর: মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে মামলা

জাতীয় মানবাধিকার কমিশনের তৎপরতায় ঢাকা পাবলিক কলেজের শিক্ষিকাকে মারধরের ঘটনার ৪৮ ঘণ্টা পর মামলা নিয়েছে কলাবাগান থানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 09:04 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

আহত শিক্ষিকার স্বামী একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মমিনুল হক বুধবার বেলা পৌনে ১টায় এ মামলা করেন।

মামলায় কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এম কে হানিফ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলম ও গণিত বিভাগের প্রভাষক মো. শাহজাহানকে আসামি করা হয়েছে।

কলেজে আর্থিক দুর্নীতির প্রতিবাদ করায় গত সোমবার ওই তিন শিক্ষকের হামলায় আহত হন ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষিকা শিরীন আক্তার।

পরদিন বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আহত শিরীন আক্তারকে দেখতে গিয়ে এ ঘটনার নিন্দা জানান।

সে সময় তিনি থানা যেন ‘হামলাকারীদের বিরুদ্ধে’ মামলা নেয় সেজন্য কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। 

মমিনুল হক বলেন, “ঘটনার দিন কলাবাগান থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে কয়েক ঘন্টা বসিয়ে রাখার পর সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করে।

“তবে বুবধার ঘটনার ৪৮ ঘন্টা পর বেলা পৌনে ১টায় জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশে কলাবাগান থানা পুলিশ ‘হামলাকারীদের বিরুদ্ধে’ আমার করা মামলাটি লিপিবদ্ধ করে।”

থানার ওসি মো. ইকবাল এসময় তাকে লিচু ও আম দিয়ে আপ্যায়ন করেন বলে জানান তিনি।

ওসি ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় মানবাধিকার কমিশন বুধবার সকালে কলাবাগান থানাকে হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিতে বললে আমরা তা পালন করি।”