অবৈধ বিদ্যুৎ সংযোগ: চট্টগ্রামে ৭ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া দুইজনকে এবং ৮৬ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বুধবার নগরীর হালিশহর, রামপুরসহ বিভিন্ন এলাকায় চট্টগ্রাম পিডিবির বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় পিডিবির রামপুর এলাকার বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমাম হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিডিবি, চট্টগ্রাম অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ফুল চৌধুরীপাড়া, আবদুপাড়া, সরাইপাড়া, খুরশীদাবাদ, মাইজপাড়া ও নাথপাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে দুই জনকে ৮৬ হাজার ২০০ টাকা জরিমানা এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়।
এছাড়া অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ফুল চৌধুরীপাড়া থেকে আফসার উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়।
