২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিক-অফ পিকে বিদ্যুৎ চাহিদা এক কেন?’

‘পিক’ এবং ‘অফ পিক’ সময়ে বিদ্যুতের চাহিদা একই রকম হওয়ায় কোথায়, কী কাজে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 06:02 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪ এর উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে বলেন, “সম্প্রতি পিক আওয়ার এবং অফ-পিক আওয়ারে বিদ্যুতের সমান চাহিদা দেখা যাচ্ছে। যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

“আমাদের মতো দেশে পিক আওয়ার এবং অফ-পিক আওয়ারের চাহিদার মধ্যে কমপক্ষে এক হাজার মেগাওয়াট ব্যবধান থাকার কথা। কিন্তু তা হচ্ছে না। আমাদের গ্যাপ সবচেয়ে বেশি ৫০০ মেগাওয়াট।”

অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন। 

সভায় ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “মধ্যরাতে ৬ হাজার ৪০০ মেগাওয়াট চাহিদা দেখতে পাচ্ছি। যদিও মানুষের চাহিদা বেড়েছে। আগে যিনি একটি সাধারণ ফ্রিজ ব্যবহার করতেন, বর্তমানে তিনি ডিপ ফ্রিজ ব্যবহার করছেন। অনেকে এসি ব্যবহার বাড়িয়েছে।”

বিপু বলেন, “যদিও আমাদের ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনে সমস্যা আছে। এরপরও আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছি। আগামী ফুটবল বিশ্বকাপ ও রমজানের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।

“আগামী ৩ বছরের মাথায় পুরো দেশ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। এজন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।”

নসরুল হামিদের বক্তব্যের আগে অর্থমন্ত্রী বলেন,“আমরা প্রত্যাশার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করছি, কিন্তু চাহিদার তুলনায় তা কম। আবার সরবরাহ ব্যবস্থা উন্নত না হওয়ায় উৎপাদিত সব বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না। তবে বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো আশানুরূপ উৎপাদন করতে পারছে না।”

লতিফ সিদ্দিকী বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন,উন্নয়নের যত কথাই বলা হোক, বিদ্যুৎ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হবে না।