বকশীগঞ্জে টর্নেডোর আঘাতে ৩ জনের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় টর্নেডোর আঘাতে তিন জনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
বুধবার সারমারা বাজার ও গোপালপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে অন্তত ২০ জন আহত হয়। প্রায় তিনশ দোকানপাট ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
নিহতরা হলেন সারমারা গ্রামের প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে ফালু মিয়া (৫০), আবু তালেবের ছেলে মাসুদ (২৮) ও গোপালপুর গ্রামের মেসের অলী ছেলে মাসুম (২৫)।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সকাল ১১টার দিকে পাঁচ মিনিট স্থায়ী এ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা, আহতদের সারে সাত হাজার টাকা করে এবং প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ কেজি করে চাল, ২ বান্ডেল ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা সরকারি সহায়তা দেয়া হয়েছে।
