অটোরিকশা ধর্মঘট স্থগিত
সাত দিনের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছেন সিএনজি অটোরিকশা মালিকরা।
বুধবার দুপুরে রাজধানীর এলেনবাড়ীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের বৈঠকে আশ্বাস পেয়ে তারা ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক ঐক্যপরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ ভুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিআরটিএ চেয়ারম্যান আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তাই আগামী ৮ জুন আমরা পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছি।”
এর মধ্যে দাবি পূরণ না হলে ৯ জুন থেকে আবারো ধর্মঘটে যাবেন বলে জানান তিনি।
অটোরিকশার মেয়াদ ১৫ বছর করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে ঢাকা মহানগরীতে ধর্মঘট করছেন অটোরিকশা চালকরা।
ওই দিন দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শর্ত সাপেক্ষে সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ ১১ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করার ঘোষণা দেয়া হয়।
কিন্তু শর্তহীনভাবে অটোরিকশার মেয়াদ বৃদ্ধির দাবিতে ধর্মঘট অব্যাহত রাখেন অটোরিকশা মালিক-চালকরা।
