২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদে বাধা দেয়ায় কাউন্সিলরকে দণ্ড

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 02:29 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলমকে এ দণ্ড দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নগরীর চান্দগাঁওয়ের টেকবাজার খাল দখলমুক্ত করতে গেলে ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম বাধা দেন। এ সময় তিনি সিটি কর্পোরেশনের মহিলা কর্মীদের মারধর করেন।”

এরপর বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উচ্ছেদে বাধা দেয়া এবং মহিলা কর্মীদের উত্ত্যক্তের দায়ে কারাদণ্ড দেয়া হয় বলে নাজিয়া শিরিন জানান।

আগের দিন খালটি দখলমুক্ত করতে গেলে তখনও বাধা দিয়েছিলেন তিনি।

গত ১১ মে বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ার পর জলাবদ্ধতা নিরসনে নগরীর বিভিন্ন খালের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান জোরালো করার নির্দেশ দেন মেয়র চট্টগ্রামের মঞ্জুর আলম।

এরপর নগরীর কয়েকটি খালের ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়।