প্রতিবেদনের পর র্যাব সদস্যদের নিয়ে দুদকের তদন্ত
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা তদন্তে গঠিত প্রশাসনিক কমিটির প্রতিবেদন প্রকাশের পর আসামি সাবেক তিন র্যাব কর্মকর্তার অবৈধ সম্পদ খুঁজতে শুরু করবে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান দুদক কমিশনার এম সাহাবুদ্দিন।
তিনি বলেন, “আমরা তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। প্রতিবেদন প্রকাশের আগে এবিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
তবে এর মধ্যেই সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো ওই তিন কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজ খবরের ‘অনানুষ্ঠানিক’ উদ্যোগ দুদক নিয়েছে বলে জানিয়েছেন দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খোঁজখবর দুদক করেছে। তবে তা সবই ‘ইনফর্মাল’। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ‘ফর্মাল’ অনুসন্ধান প্রক্রিয়া শুরু হবে।”
এর আগে গত ২০ মে দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেন এবং সাবেক তিন র্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানার অবৈধ সম্পদের বিষয়ে দুদক খোঁজখবর করছে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। দুইদিন পর পাশের শীতলক্ষ্যা নদীতে অপহৃতদের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করা হয়। তিনি র্যাবকে টাকা দিয়ে এই সাতজনকে হত্যা করিয়েছেন বলে নিহত নজরুলের স্বজনদের অভিযোগ।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন র্যাব-১১ এর সাবেক ওই তিন কর্মকর্তা।
এর আগে গত ৫ মে হত্যাকাণ্ডে র্যাবের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় হাই কোর্ট। আগামী ৪ জুন এই কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।
