শিক্ষিকার ওপর হামলার নিন্দায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
ঢাকা পাবলিক কলেজের এক শিক্ষিকার ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
রাজধানীর পান্থপথের ওই কলেজের সোমবারের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি মঙ্গলবার বলেছেন, “ এ জাতীয় ঘটনা দুঃখজনক, অপ্রত্যাশিত।”
সহকর্মীদের ‘হামলায়’ আহত ওই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শিরীন আক্তারকে দেখতে শমরিতা হাসপাতালে গিয়ে সাংবাদিকদের একথা বলেন মিজানুর।
তিনি বলেন, “আহত শিক্ষিকা ও তার পরিবার কয়েক শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, সেগুলো ফৌজদারি অপরাধ। এ অপরাধের মামলা যদি কোনো থানা না নেয়, তবে তার সুষ্পষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে।
“তা না হলে যারা মামলা নেবেন না, তাদের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
শিরীনের অভিযোগ, তার স্বামী কলাবাগান থানায় মামলা করতে গেলেও তা নেয়নি পুলিশ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের ‘দুর্নীতির’ বিরুদ্ধে কথা বলায় ইংরেজি বিভাগের প্রভাষক এম কে হানিফ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলম ও গণিত বিভাগের প্রভাষক মো. শাহজাহান তার ওপর হামলা চালায়।
শিরীনের স্বামী মমিনুল হকও ঢাকা পাবলিক কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও হামলার শিকার হয়েছেন বলে তার অভিযোগ।
অভিযোগের জবাবে ইংরেজি বিভাগের প্রভাষক হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিরীন অধ্যক্ষের চেয়ারে পা তুলে বসলে তা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিরীনই রবিউল আলমকে স্যান্ডেল দিয়ে পেটান।
