২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীদের বিরুদ্ধে কলেজ শিক্ষিকাকে পেটানোর অভিযোগ

আর্থিক দুর্নীতি প্রতিবাদ করায় ঢাকা পাবলিক কলেজের অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক তাদেরই সহকর্মী এক শিক্ষিকাকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 01:31 AM

Updated : 22 Aug 2022, 06:22 PM

সোমবার সকালের ওই ঘটনায় হামলার শিকার শিরীন আক্তার কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক। তিনি আহত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি রয়েছেন।

অভিযোগ উঠেছে, এ ঘটনায় কলাবাগান থানায় ভুক্তভোগীর স্বামী ওই একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মমিনুল হক মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।

শিরিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এম কে হানিফ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলম ও গণিত বিভাগের প্রভাষক মো. শাহজাহান আমার উপর হামলা করেছে। তারা আমার স্বামীকেও মারধর করেছে।

কলেজের প্রিন্সিপালের দুর্নীতির বিরুদ্ধে বারবার কথা বলায় তারা এ হামলা চালিয়েছে জানিয়ে তিনি বলেন, “শরীর অসুস্থ ভাই। বেশি কথা বলতে পারছি না। দু:খিত।”

কথা বলার সময় তিনি ব্যাথায় কাতরাচ্ছিলেন।

মমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টায় তিনি কলেজে ক্লাস নিচ্ছিলেন। এসময় শিরীনকে কয়েকজন শিক্ষক হামলা করেছেন বলে ছাত্রদের মুখে শোনেন তিনি।

তিনি বলেন, “সেখানে গিয়ে দেখি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এম কে হানিফ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলম ও গণিত বিভাগের প্রভাষক মো. শাহজাহান আমার স্ত্রীকে মারছেন।”

প্রতিবাদ করতে গেলে তারা আমার ওপর হামলা চালান বলেও অভিযোগ করে মমিনুল বলেন, “কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল এর আর্থিক অনিয়মের বিরুদ্ধে আমরা বহু আগে থেকেই কথা বলে আসছি। আগেও তিনি আমাকে ও আমার পরিবারকে হেয় করার চেষ্টা করেছেন। তার পক্ষের শিক্ষকেরা আমার স্ত্রীর উপর হামলা চালিয়েছে।”

থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

কলাবাগান থানার ওসি মো.ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যা ৬টায় বলেন, “কয়েক শিক্ষক এক শিক্ষিকার উপর হামলা করেছে এমন অভিযোগ শুনেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”

মামলা না নেয়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কেউ মামলা করতে চাইলে মামলা নেবো না কেন?”

অভিযুক্ত ইংরেজী বিভাগের প্রভাষক এম কে হানিফ বলেন, “সকালে কলেজে গিয়ে দেখি শিরীন আক্তার প্রিন্সিপালের চেয়ারে পা তুলে বসে আছেন। একজন প্রভাষক হয়ে কীভাবে তিনি তা করেন-জানতে চাইলে তার সঙ্গে বাক-বিতণ্ডা হয়।

“এক পর্যায়ে শিরীন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলমকে নিজের স্যান্ডেল খুলে পেটান। এ ঘটনার প্রতিবাদ করলে শিরীন ও তার স্বামী মমিন আমার উপর আক্রমণ চালায়।”

কলেজকে শিরীন ও মুমিনুল অস্থিতিশীল করতে চায় বলেও অভিযোগ করেন হানিফ।

তিনি বলেন, “আমি কারও ওপর হামলা চালাইনি। মহিলা (শিরীন আক্তার) অভিনয় করছেন।”

ঢাকা পাবলিক কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।