২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খাল দখলমুক্ত করার অভিযানে বাধা

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় একটি খালের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 10:10 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারা চান্দগাঁওয়ের টেকবাজার খাল দখলমুক্ত করতে গেলে ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম বাধা দেন বলে অভিযোগ করেন কর্মকর্তারা।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযান পরিচালনাকারী নির্বাহী হাকিমের বিরুদ্ধে পাল্টা ‘অন্যায়’ আচরণের অভিযোগ করেছেন ওই ওয়ার্ড কাউন্সিলর।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী হাকিম নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগেও টেকবাজার খালের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

“আজ (মঙ্গলবার) অভিযানে স্থানীয় এক আওয়ামী লীগকর্মীর একটি অবৈধ ঘর ভাঙতে গেলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম বাধা দেন। তিনি কর্মী-সমর্থকদের নিয়ে বাধা দেয়ায় উচ্ছেদ না করেই ফিরে আসতে হয়।”

এবিষয়ে মাহবুবুল আলম বলেন, “ম্যাজিস্ট্রেট আগে থেকে অবৈধ হিসেবে চিহ্নিত একটি ঘর না ভেঙ্গে অন্যায়ভাবে অন্য একটি ঘর ভাঙ্গতে গেলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে।

“তারা লাঠিসোটা নিয়ে অভিযান দলের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এসময় আমার মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। আমি বাধা দিইনি।”

নাজিয়া বলেন, অভিযানে বাধা দেয়ার বিষয়টি মেয়র মন্‌জুর আলম ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

গত ১১ মে মৌসুমের প্রথম বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তলিয়ে যাওয়ার পর জলাবদ্ধতা নিরসনে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান জোরালো করার নির্দেশ দেন মেয়র।

এরপর নগরীর কয়েকটি খালের ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বেগবান হয়।