শর্ত সাপেক্ষে অটোরিকশার মেয়াদ ১৫ বছর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুপারিশে শর্ত সাপেক্ষে সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ ১১ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।
এতে সিএনজি অটোরিকশার কার্যকারিতা গ্রহণযোগ্য মানে রাখতে ১২তম বছরে (অর্থাৎ এ বছরই) সম্পূর্ণ ইঞ্জিন ‘ওভারহোলিং’ করাসহ ছয়টি শর্ত দেয়া হয়েছে।
তবে সরকারের এ সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে ধর্মঘটা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে অটোরিকশা মালিকরা।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক ঐক্যপরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ ভুলু সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ প্রজ্ঞাপন আমরা মানি না, এ আদেশে সরাসরি মেয়াদ বৃদ্ধির কথা বলা হয়নি। আমাদের ধর্মঘট চলবে।”
অটোরিকশার ইকোনোমি লাইফ ১৫ বছর করার ক্ষেত্রে যেসব শর্ত দেয়া হয়েছে সেগুলো হলো- অটোরিকশার বডি রং করা, বডি, সাসপেনশন, ব্রেক, ট্রান্সমিশন ইত্যাদি অংশে প্রয়োজনীয় মেরামত করা, সরকার অনুমোদিত ওয়ার্কশপ থেকে হাই প্রেসার সিএনজি সিলিন্ডারের হাইড়্রোলিক প্রেসার পরীক্ষা করা, সিএনজি ফুয়েল সিস্টেমের অন্যান্য অংশগুলিও পরীক্ষা করে কার্যকারিতা নিশ্চিত করা এবং ওভারহোলিং ও মেরামত লগ বই সংরক্ষণ করা।
দ্বাদশ বছরেই ছয় ধরনের শর্ত পূরণ করে ঢাকা মহানগরীতে চলাচলরত অটোরিকশাগুলোকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং চট্রগ্রাম মহানগরে চলাচলরত অটোরিকশাগুলোকে চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘সঠিকতা’ প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে।
এ প্রত্যয়নপত্র পাওয়ার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অটোরিকশার ইকোনোমি লাইফ ১১ থেকে ১৫ বছরে উন্নীত করার আদেশ জারি করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইকোনমি লাইফ ১৫ বছর বৃদ্ধির বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অটোরিকশা মালিক সমিতি ঐক্যপরিষদের ডাকা ধর্মঘট নিয়ে নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে এবং তারা ধর্মঘট প্রত্যাহার করবে।”
ধর্মঘট কর্মসূচি দিলেও ঢাকার রাস্তায় অটোরিকশা চলছে বলেও দাবি করেন বিআরটিএ চেয়ারম্যান।
অটোরিকশার মেয়াদ ১৫ বছর করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে ঢাকা মহানগরীতে ধর্মঘট করছেন অটোরিকশা চালকরা।
