প্রবাসী কল্যাণ সচিবকে তলব
আদালত অবমাননার অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার শওকত হোসেনকে তলব করেছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এক আদেশে সচিবকে আগামী ৩ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান।
পরে সালাউদ্দিন দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন বিভাগীয় শহরে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পে ৭৭ জন কর্মকর্তাকে স্থায়ী করতে ২০১০ সালে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল। পরে আপিল বিভাগেও তা বহাল থাকে। কিন্তু তাদের স্থায়ী করা হয়নি।
“আদালত অবমাননার অভিযোগ আনলে হাই কোর্ট এরপর রুল দেয়। রুল শুনানির এক পর্যায়ে তলবের এই আদেশ দেয়া হয়,” বলেন তিনি।
