২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা-খেলনা পিস্তলসহ আটক সাবেক ছাত্রলীগ নেতার কারাদণ্ড

রাজধানীর কাঁঠালবাগান থেকে ইয়াবা ও খেলনা পিস্তলসহ পুলিশের হাতে আটক ছাত্রলীগের সাবেক এক নেতাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ্ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 04:00 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

গ্রেপ্তার নাজিম উদ্দিন বাবু ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার ওসি মো. ইকবাল জানান, সোমবার মধ্যরাতে কাঁঠালবাগান এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে বাবুকে আটকের পর তার কাছে ৬৫টি ইয়াবা বড়ি এবং একটি খেলনা পিস্তল পাওয়া যায়।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম শিবলী নোমান জানান, “ইয়াবা বহনের অভিযোগে মঙ্গলবার দুপুরে বাবুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে দুই বছরের কারাদণ্ড দেন।”

বাবুর নামে রমনা ও কলাবাগান থানায় অস্ত্র মামলা রয়েছে বলেও জানান তিনি। 

পুলিশ কর্মকর্তা শিবলী নোমান জানান, গত বছরের ডিসেম্বরে কাঁঠালবাগানে বাবুর অফিসে অভিযান চালিয়ে র‌্যাব বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় কলাবাগান থানায় হওয়া মামলায় অভিযোগপত্রও দেয়া হয়েছে।