২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকারীদের বাধা দেয়ায় বাড়িতে হামলা-ভাংচুর

উত্ত্যক্তকারীদের বাধা দেয়ায় সুনামগঞ্জ শহরে এক সরকারি কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে বখাটেরা।  

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 11:34 AM

Updated : 22 Aug 2022, 06:21 PM

রোববার রাত সাড়ে ৯টার দিকে বিলপাড় এলাকায় জজ  কোর্টের হিসাব রক্ষক হরিমোহন সরকারের বাড়িতে এই হামলা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি জানে আলম খান।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাই চৌধুরী জানান, ঘটনার পর রাতেই হামলাকারীদের মধ্যে হিমু নামের একজনকে তার জামতলার বাড়ি থেকে আটক করা হয়।  

হিমু ছাড়াও অন্য হামলাকারীরা হলেন-শহরের আরপনিনগর এলাকার জিওন, তেঘরয়িার রাব্বি এবং হাসননগরের শাহ আলম। ঘটনার পর থেকেই এরা পলাতক বলে জানিয়েছেন আবদুল হাই।  

এলাকাবাসীরা জানিয়েছে, এরা সবাই ছাত্রলীগ ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।  

উত্ত্যক্তকারীরা হরিমোহনসহ (৫০) পরিবারের বেশ কয়েকজন সদস্যকে পিটিয়ে আহত করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।     

আহতরা হলেন- হরিমোহনের ছেলে সোহাগ সরকার (২০), ভাতিজা পলাশ সরকার (২৪), ভাই মনমোহন সরকার (৭০), ভাড়াটে দোলন দাস (৫০) এবং প্রতিবেশী ফারুক আহমদ (৪০)।

এদের মধ্যে মনমোহনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

সোহাগ বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, তার কলেজপড়ুয়া বোনকে উত্ত্যক্ত করলে তাতে বাধা দেয়ায় বখাটেরা তাদের পরিবারের লোকজনকে মারধর করেছে এবং ও বাসায় ঢুকে ব্যাপক ভাংচুর চালিয়েছে।  

ওই চারজনসহ বেশ কয়েকজন বখাটে হরিমোহনের মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল বলে জানিয়েছে স্থানীয়রা।   

আহতদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানে আলম  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে  তারা হরিমোহনের বাড়িতে গিয়ে সোহাগের কাছে তার বোন কোথায় আছে জানতে চেয়ে গালাগাল করে।

“এক পর্যায়ে তারা সোহাগকে মারধর শুরু করলে তিনি দৌড়ে বাসায় ঢুকে পড়েন। পেছন পেছন বখাটেরাও তার বাসায় ঢুকে ভাংচুর শুরু করে। এসময় বাসার লোকজন তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তাদেরও মারধর করে বখাটেরা।”

পরে হামলাকারীরা এলাকা ত্যাগ করার সময় বেশ কয়েকটি বাসার প্রধান ফটকে এবং জানালায় রামদা দিয়ে কুপিয়ে যায়।