২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে: মন্ত্রী

এইচএসসিতে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের পর কয়েকটি বিষয়ের পরীক্ষা ‘রিজার্ভ’ প্রশ্ন নতুন করে ছাপিয়ে নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 09:32 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, গণিত ও রসায়নের পরীক্ষা ওইদিন সকাল ৬টার পরে নতুন করে প্রশ্ন ছাপিয়ে নেয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত কতটি বিষয়ের পরীক্ষা নতুন করে প্রশ্ন ছাপিয়ে নেয়া হয়েছে তা জানাননি শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। পদার্থ বিজ্ঞান পরীক্ষা থেকে ‘রিজার্ভ’ প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গত ১০ এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর ২৫ মে পর্যন্ত এইচএসসিতে বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা হয়েছে। এসব পরীক্ষার মধ্যে পদার্থ, রসায়ন ও গণিতের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আগে চার সেট প্রশ্ন ছাপিয়ে এইচএসসি পরীক্ষা নেয়া হলেও এবার দুই সেট প্রশ্ন ছাপানো হচ্ছে। বাকী দুই সেট ‘রিজার্ভ’ রাখা হচ্ছে। পরীক্ষার দিন সকালে ওই দুই সেট ছাপিয়ে তা থেকে পরীক্ষা নেয়া হচ্ছে।

দেশের দুই হাজার ৩৫২টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “গণিতের প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কারণ পরীক্ষার দিন সকাল ৬টার আগেও প্রশ্ন ছাপা হয়নি।”

সকাল ৬টার দিকে প্রশ্ন ছাপিয়ে সারা দেশে কিভাবে তা বিতরণ করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, “যুদ্ধের মধ্যে (গত ডিসেম্বরে বিএনপি-জমায়াতের হরতাল-অবরোধ) কোটি কোটি বই সারাদেশে ঠিক সময়েই পৌঁছে দিয়েছি। আর আর প্রশ্ন পৌঁছাতে পারব না?”

সকালে প্রশ্ন ছাপার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গোপন রাখতে বলেছিলেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আপনাদের (সাংবাদিক) বারবার প্রশ্নের কারণে আমাকে এটা বলতে হচ্ছে।”

এইচএসসির কতটি বিষয়ের প্রশ্ন সকালে ছাপিয়ে পরীক্ষা নেয়া হয়েছে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম বলেন, “বিষয়টি নিয়ে পরে কথা বলব। বিষয়টি অত্যন্ত গোপনীয়।”

শিক্ষামন্ত্রী বলেন, “রসায়নের পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হয়েছিল।

“আউট হয়েছে বললেও প্রশ্নের কী কী আউট হয়েছে তা কেউ বলছেন না, যা রিপোর্ট ছাপা হয়েছে অনুমানভিত্তিক। বাণিজ্য করার জন্য এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য ফেইসবুকে প্রশ্ন ফাঁসের চেষ্টা করা হচ্ছে।”

তিনি বলেন, “আমাদের ভুল আছে, ত্রুটি আছে। তবে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রশ্ন ফাঁসের ব্যাপারে কেউ প্রশ্ন তুলতে পারেনি।”

অনেক ব্যক্তিই প্রশ্ন ফাঁস নিয়ে অনেক কথা বলছেন উল্লেখ করে নাহিদ বলেন, “কে তাদের প্রশ্ন দিয়েছেন তাদের সম্পর্কে কিছুই বলছেন না তারা। কারো নামই তারা বলেননি। আমরাও কাউকে চিহ্নিত করতে পারিনি।”

কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িতরা এবং ব্যবসাভিত্তিক সরকারিবিরোধী মহল প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকতে পারে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী।