২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 08:39 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার দুপুরে আমিনুল ইসলাম সাকিবের (১৩) বাড়ির কাছের একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।

সাকিব ফতুল্লার গাবতলী টাগারপাড় আল আমিনবাগ এলাকার নূর ইসলামের ছেলে এবং ইসদাইর বারেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাকিবের বাবা নূর ইসলাম জানান, রোববার দুপুরে নতুন একটি টেনিস বল নিয়ে ঘর থেকে বের হওয়ার পর সাকিব নিখোঁজ থাকে।  

এ ঘটনায় সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন নূর ইসলাম।

তিনি বলেন, দুপুরে পুকুরটিতে গোসল করতে গিয়ে পায়ে মানবদেহের মতো কিছু একটি ঠেকেছে বলে দাবি করেন স্থানীয় এক নারী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাকিবের হাত থেকে টেনিস বলটি হয়তো পুকুরের পানিতে পড়ে যায়। সেটি তুলে আনতে গিয়ে সবার অলক্ষ্যে সে পুকুরের পানিতে তলিয়ে মারা যায়।

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।