২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপারাণী হত্যা মামলার রায় ৯ জুন

ফরিদপুরের চাঁপারাণী হত্যা মামলার রায়ের দিন আগামী ৯ জুন ধার্য করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 07:33 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক এ তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. খসরুজ্জামান সাংবাদিকদের জানান, আসামি দেবাশীষ হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে পলাতক রয়েছে। এ থেকে আরেকবার প্রমাণিত হয় যে, সে অপরাধী।

তবে আসামিপক্ষের আইনজীবী মো. শাহজাহান মিয়া বলেন, এটি একটি দুর্ঘটনা। হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়নি।

মামলার অভিযোগে বলা হয়েছে, চাঁপারাণীর কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২০১০ সালের ২৬ অক্টোবর বিকালে চাঁপারাণীকে মোটরসাইকেল চাপা দিয়ে দেবাশীষ সাহা ওরফে রনি এবং তার দুই সহযোগী সঞ্জয় বিশ্বাস ও মো. আলমগীর হোসেন হত্যা করেন।

এর পরদিন চাঁপারাণীর ভাই অরুণ কুমার ভৌমিক বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন।