২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর-নাটোরে দুই স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা

দিনাজপুর সদর এবং নাটোরের সিংড়া উপজেলায় দুই স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা করা হয়েছে।

নাটোর প্রতিনিধি

দিনাজপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 11:46 AM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রাম থেকে ছাইয়েদুল মোরসালিনের (১৫) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাকে চার দিন আগে অপহরণ করা হয়েছিল।

অন্যদিকে নাটোরের সিংড়া উপজেলা থেকে নিখোঁজের একদিন পর নদী তীর থেকে স্কুলছাত্র হৃদয় হোসেনের (১২) লাশ উদ্ধার করে পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোরছালিন অপহরণ ও হত্যায় জড়িত অভিযোগে মহব্বতপুর গ্রামের ওবায়দুর রহমান ও তার পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।

আটক অন্য দুজন হলেন-  ওবায়দুরের (৫০) স্ত্রী রওশন আরা (৩৫) ও ছেলে রশিদুল (১৯)।

মহব্বতপুর গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে মোরসালিন চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

গত ২২ মে দুপুরে অপহরণের পর মোকছেদুলকে মোবাইলে ফোনে কল করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

ওসি বলেন, মোরসালিনের বাড়ি সংলগ্ন জনৈক আব্বাসের বাড়ির কাছে লাশ পাওয়া যায়। এরপর ওবায়দুরের বাড়ি তল্লাশি করলে তার ঘরের নিচে একটি গর্ত পাওয়া যায়।

মোরসালিনকে হত্যার পর লাশ ঘরের গর্তে পুঁতে রাখার কথা স্বীকার করেছেন ওবায়দুর। ওসি বলেন, দুর্গন্ধ ছড়ানোয় পরে তিনি লাশটি বের করে আব্বাসের বাড়ির সামনে ফেলে দেন।

সিংড়া থানার এসআই সুকমল দেবনাথ জানান, সকাল ৯টার দিকে উপজেলার ধুলাউড়ি গ্রামের গুড় নদীর তীর থেকে উদ্ধার করা হয় হৃদয় হোসেনের (১২) লাশ।

রোববার বিকালে পারশাঐল গ্রাম থেকে নিখোঁজ হয় হৃদয়। পারশাঐল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হৃদয় শাঐল প্রাথমিক বিদ্যালয়ে সে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

রোববার বিকালে বাড়ি থেকে খেলাধূলা করতে বাইরে যাবার পর থেকে হৃদয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হৃদয়ের বাবা হেলাল উদ্দিন।