২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজটে যোগাযোগমন্ত্রী

চট্টগ্রামে একটি সেতুর উদ্বোধন করতে গিয়ে যানজটে পড়েন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 11:07 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে এ ঘটনা ঘটে।

এসময় মন্ত্রীর গাড়িবহর পাঁচ মিনিট আটকে থাকার পর হাইওয়ে পুলিশ গাড়ির জট সরিয়ে দেয়।

হাইওয়ে পুলিশ দাবি করেছে, সামনে থাকা একটি ট্রাক নষ্ট হয়ে যাওয়ায় এই যানজট সৃষ্টি হয়। পরে সেতু উদ্বোধনের সময় এ নিয়ে ব্যাখ্যা দেন যোগাযোগমন্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বার আউলিয়া সেতু উদ্বাধন শেষে ভাটিয়ারিতে ধামাইর খালের ওপর নির্মিত সেতু উদ্বোধন করতে যাচ্ছিলেন যোগাযোগমন্ত্রী। শীতলপুর বগুলা বাহার পার হওয়ার পরই মহাসড়কে যানজটে পড়ে তার গাড়িবহর।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ধামাইর খাল সেতু উদ্বোধন শেষে বিভিন্ন সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, “একটি গাড়ি নষ্ট হওয়ায় এক মিনিট আমাদের গাড়ি দাঁড়িয়েছিল।

“আপনারা যদি ছবি তুলে বলেন যে মন্ত্রী দীর্ঘ যানজটে আটকে আছে- এটা তো সুবিচার হলো না, বাস্তবসম্মতও নয়। এরকম মাঝে মাঝে হয়। দেখি, কষ্ট পাই, কিছু বলি না। বলার তো কিছু নেই।”

এবিষয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে থাকা গাড়ি নষ্ট হওয়ায় মন্ত্রীর গাড়ি দুয়েক মিনিট আটকে ছিল। যানজট বা সেরকম কিছু নয়। পরে আমরা গাড়ি চলাচল স্বাভাবিক করি।”