৫১ দিন পর কক্সবাজারে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার
কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে ৫১ দিন পর সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, রোববার ভোরে সাতক্ষীরার মুঞ্জিগঞ্জ লঞ্চঘাট থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গত ৪ এপ্রিল দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট স্টেশন থেকে ১৫ বছর বয়সী মেয়েটি অপহৃত হয়।
মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়া সে।
ওসি প্রভাষ চন্দ্র জানান, মালুমঘাট স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছিল সে। এ সময় দুর্বৃত্তরা তাকে তুলে মাইক্রোবাসে করে কক্সবাজারের দিকে নিয়ে যায়। এ ঘটনার ১০ দিন পর মেয়েটির বাবা তিনজনের নামোল্লেখ করে চকরিয়া থানায় মামলা করেন।
মামলা করার পাশাপাশি আরো চারজনকে সন্দেহভাজন আসামি দেখিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে মামলার প্রধান আসামি দিলীপ মল্লিকের মামা ঝন্টু মল্লিককে (২৩) ১২ মে আটক করা হয়।
ভোরে মুঞ্জিগঞ্জ লঞ্চঘাট থেকে মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয় জানিয়ে তিনি বলেন, “একটি লঞ্চে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফেরার পর তার পরিচয় সনাক্ত হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই ছাত্রীকে চকরিয়ায় ফেরত আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
