২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়ার দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর দিঘীরচালা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 02:19 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

রোববার সকালে ওই এলাকার আর্কেডিয়া পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, প্রায় চার মাস আগে শ্রমিকদের বেতন ও দালানের ভাড়া পরিশোধ না করে বিনা নোটিশে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এনিয়ে শ্রমিক ও দালান মালিকদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। গত সপ্তাহে পাওনার দাবিতে শ্রমিকরা কারখানা এলাকায় বিক্ষোভ ও কারখানায় ভাংচুর করলে দালানের মালিক ও কারখানার মালিকদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে রোববার সকালে তাদের বকেয়াদি পরিশোধ করার দিন ঠিক করা হয়।

তিনি বলেন, শ্রমিকরা সকালে কারখানায় এসে কর্তৃপক্ষের কাউকে না পেয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বেলা পৌণে ১১টার দিকে কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় তারা। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে আধাঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

এ ব্যাপারে কারখানার মালিক মিতা ভৌমিক, তমাল ভৌমিক ও ইরা দত্তের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করলেও  তা তারা ফোন ধরেননি বলে জানান তিনি।

দালানের মালিক কে জেড নাইম বলেন, কারাখানা মালিকদের কাছে তারও প্রায় ১৪ মাসের ভাড়া বাকি রয়েছে। এ অবস্থায় চার মাস আগে ১৫ দিনের ছুটি দিয়ে কারখানাটি ‘লে অফ’ ঘোষণা না করে বন্ধ করে দেয়।

“বিভিন্ন সময় পাওনাদি নিয়ে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও দেই-দিচ্ছি বলে সময় পার করেছেন তারা।”

এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।