বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন মজীনা
নিজ দেশে ফিরে গিয়ে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন বলে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্টদূত ড্যান মজীনা জানিয়েছেন।
শনিবার রাজধানীতে তরুণ উদ্যোক্তাদের এক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য শেষে বাংলাদেশের ‘ভাবমূর্তির সংকট’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মজীনা বলেন, বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণার কিছু দেখেননি তিনি এবং তার ব্যক্তিগত উদ্দেশ্যও ছিলো এদেশের ইতিবাচক দিকগুলোকে গুরুত্ব দেয়া।
তিন বছর বাংলাদেশে দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন ড্যান মজীনা। তার জায়গায় ঢাকা মিশনের দায়িত্ব পালন করতে আফ্রিকান বংশোদ্ভূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
যদিও এ ব্যাপারে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত কোনো কথা বলেননি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের তিনি সবসময়ই নিজের দেশ সম্পর্কে বলার জন্য উৎসাহ দিয়েছেন।
এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসাবে মজীনা
ঢাকায় কাজ করে গেছেন। পরে রাষ্ট্রদূত হিসাবে দ্বিতীয় দফায় ২০১১ সালের নভেম্বরে কাজ শুরু করেন তিনি।
দুইবার বাংলাদেশে কাজ করার সুবাদে বাংলাদেশ নিয়ে ‘তার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে’ বলে দাবি করেন মজীনা।
তিনি বলেন, “আমার উত্তরসূরি ঠিক হয়েছে। তিনি শিগগিরই ঢাকায় আসবেন। তিনি এলেই আমি ঢাকা ছাড়বো।”
রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি তুলে ধরতে এবং এখানকার মানুষ ও প্রকৃতির বৈচিত্র্য বুঝতে বিভিন্ন জেলায় ভ্রমণ করেছেন মজীনা।
দেশের সব জেলা ঘুরে বেড়ানোর কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “এই দেশে অনেক কিছুই আছে বলার মতো। আমি দেশে ফিরে সেই গল্পগুলোই বলবো, যেগুলো খুবই ইতিবাচক। ”
বাংলাদেশে আবার ফিরে আসার আশা প্রকাশ করেন তিনি।
আগামী জুনে যুক্তরাষ্ট্র যাবেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের একটি দল। নানা বিষয়ে তাদের সহযোগিতা করার পরিকল্পনার কথাও জানান রাষ্ট্রদূত।
তিনি বলেন, “তাদেরওয়াল স্ট্রিটে নিয়ে যাওয়া হবে, যেখানে তারা বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মানুষকে জানাতে পারবে।”
“বাংলাদেশের মানুষের মধ্যে উদ্যম, অভিনবত্ব, সৃজনশীলতা, উদ্যোক্তাসুলভ উদ্দীপনা ও প্রাণোচ্ছ্বলতা দেখেছি। বাংলাদেশকে আমি বিশ্বে সফটওয়্যার উন্নয়নের দেশ হিসাবে একটি সম্পদ বলে মনে করি। বাংলাদেশিদের অসাধারণ মেধাশক্তিই এর পরিচালক।”
যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় ‘স্টার্টআপ ঢাকার’ উদ্যোগে তিনদিনব্যাপী ওই তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি চলে, যেখানে ‘নিবিড়’ পরিচর্যায় উদ্যোক্তারা তাদের নতুন ব্যবসা সফল করতে নানা কৌশল শিখেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদপ্তর বিশ্বব্যাপী ‘গ্লোবাল দো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেমো’-জিআইএসটি দিবস উপলক্ষে এই উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয়।
২০১১ সাল থেকে জিআইএসটি দিবস পালন করতে নানা কর্মসূচি পালন করে আসছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের সঙ্গে এতে যৌথভাবে কাজ করছে সিআরডিএফ নামের আরো একটি বেসরকারী সংস্থা, যেটি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করে।
