২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ডিবির হেফাজতে মৃত্যু

গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 07:14 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার  ডিবি পুলিশ হেফাজতে নিহত আশরাফ হাওলাদার (৫০) মাদারীপুর জেলার সদর উপজেলার বল্লবদী গ্রামের  মৃত সুরমান হাওলাদারের ছেলে।

গোপালগঞ্জ আড়াই শ’ বেড  জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে  কর্মরত  চিকিৎসক ইমতিয়াজ ফারুক জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা দিকে মৃত অবস্থায় আশরাফকে দুই পুলিশ হাসপাতালে নিয়ে আসেন।

মৃত্যুর খবর শোনার পর লাশ জরুরি বিভাগে রেখে চলে যায় পুলিশ।

“বেলা ১টার দিকে পুলিশের কাছ থেকে নাম ঠিকানা পাওয়ার পর আমরা তার নাম রেজিস্টারে তুলি।

“হাসপতালে আসার আগেই ওই রোগীর মৃত্যু হয়েছে মর্মে রিপোর্ট দিয়েছি।

“হাসপাতালে আনার অন্তত ৩০ মিনিট আগে ওই  ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  তবে পোস্ট মর্টেমের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

তবে গোয়েন্দা পুলিশ দাবি করেছে হাসপাতালে নেয়ার পর আশরাফ মারা যান।

গোপালগঞ্জ ডিবি পুলিশের এস. আই রথীন্দ্র নাথ তরফদার বলেন, “সকালে থানা থেকে গাড়িতে তোলার সময় আশরাফ পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।

“তারপর তাকে হাসপতালে নেয়া হয়। হাসাপতালে আনার কিছু সময় পরে সে সেখানে মারা যান।”

সদর থানার ডিউটি অফিসার এস.আই মোনজেল আলী জানান, ছিনতাইকারী হিসেবে শুক্রবার  রাত ১২ টা ৫ মিনিটে ডিবি পুলিশ মৌখিকভাবে আশরাফকে থানা হাজতে রেখে যায়।

শনিবার সকাল ৯টা ২০ মিনিটে  ডিবি পুলিশ তাকে থানা থেকে নিয়ে যায়।

গোপালগঞ্জ ডিবি পুলিশের ওসি আলীমূল হক বলেন, “শহরের কোর্ট মসজিদে আসা তাবলিক জামাতের একদল লোক শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের পুকুর পাড়ে মানি ব্যাগ ও মালামাল রেখে  অজু করছিল। এ সময় আশরাফ ম্যানিব্যাগ নিয়ে দৌড় দেয়।

“ডিসি অফিস এলাকায় থেকে লোকজন তাকে অটক করে ডিবি পুলিশের কাছে সোপর্দ করে।

গোপালগঞ্জের  সিভিল সার্জন ডা. এস.এম সিরাজুল ইসলাম বলেছেন, “ওই ব্যক্তির  মৃত্যুর সঠিক তথ্য ও কারণসহ পোস্ট মর্টেম রিপোর্ট দেয়া হবে।”

এদিকে, শনিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদেক শেখের নেতৃত্বে আশরাফের লাশের সুরাতহাল রিপোর্ট হয়েছে।

এ সময় গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালের মেডিকেল  অফিসার ডা. ইমতিয়াজ ফারুক ও দুই পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালের মেডিকেল  অফিসার ডা. ইমতিয়াজ ফারুক জানিয়েছেন।